রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল বুধবার নুসরাত নওরীন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত দুই দিনে এক নবজাতক ও তিন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণখানের আইনুসবাগের বাসায় নিজ কক্ষে গত মঙ্গলবার রাতে নওরীনের লাশ ঝুলন্ত দেখতে পাওয়া যায়। পরে গতকাল সকালে পুলিশ নওরীনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নওরীনের স্বামী আবদুল্লাহ আল আমিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাহসিন নামের এক বছরের ছেলে আছে তাদের।
নওরীনের ভাই খায়রুজ্জামান প্রথম আলোকে জানান, চার বছর আগে তাঁদের মা মারা যাওয়ার পর থেকে তাঁর বোন মানসিক সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন নওরীন। তাঁর স্বামী গত মঙ্গলবার রাতে অফিস থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে নওরীনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নবজাতকসহ চার লাশ উদ্ধার: গত দুই দিনে রাজধানী ঢাকার গুলশান, গুলিস্তান, ক্যান্টনমেন্ট ও তুরাগ এলাকা থেকে অজ্ঞাত তিন যুবক ও এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। চারটি লাশই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গুলশান-বাড্ডা লিংক রোডের পাশের ঝিল থেকে ভাসমান অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। গুলশান থানার এসআই জয়নাল আবেদীন জানান, ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
এদিকে গতকাল সকাল আটটার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের পাশে ফুটপাতে এক যুবকের (৩৫) লাশ পাওয়া গেছে। এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যান্টনমেন্ট এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় অর্ধগলিত একজনের (২২) লাশ পাওয়া গেছে।
একই দিন বেলা দুইটায় তুরাগ থানা এলাকায় রানাভোলা এলাকার ৬ নম্বর সড়কে সাদা ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ পাওয়া যায়।