রাজধানীর বকশীবাজারে ছুরিকাঘাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার থানার বকশীবাজারের হোসনি দালান এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। তাঁর নাম নয়ন আহমেদ (২০)। আজ রোববার দুপুরে তিনি খুন হন। নিহত তরুণের লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নয়ন আহমেদের পুরো পরিচয় জানা যায়নি। তবে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। বংশাল এলাকায় থাকতেন তিনি।

কী কারণে এবং কারা তাঁকে খুন করেছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, হোসনি দালানের কাছে কলপাড়ে নয়ন আহমেদ নামের যুবককে অজ্ঞাত চার থেকে পাঁচজন ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা মেডিকেলে থাকা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, বেলা ২ টার দিকে খবর পান, চকবাজার থানার কোলপাড়ে এক যুবককে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। পরে সেখানে গিয়ে জানতে পারেন, ছুরিকাঘাতের শিকার যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তিনি হাসপাতালে আসেন। নিহত যুবক নয়ন আহমেদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই আবদুল হালিম জানান, কে বা কারা নয়ন আহমেদকে খুন করেছে তা জানা সম্ভব হয়নি। নিহতের আত্মীয়স্বজন এখনো হাসপাতালে আসেনি। খুনের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।