রাজধানীর বনানীতে বিএমডব্লিউ জব্দ
রাজধানীর বনানী এলাকা থেকে বিএমডব্লিউ প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এফ ব্লকের ৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, জাহিদ হোসেন নামে এক ব্যবসায়ী বিএমডব্লিউ এক্স ৫ মডেলের কালো রঙের এই গাড়িটি ব্যবহার করছিলেন। ২০০৩ সালে এটি তৈরি। ইংল্যান্ড থেকে এটি বাংলাদেশে আনা হয়। তদন্ত করে দেখা গেছে যে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৩-১৯৫৭), ফিটনেস সার্টিফিকেট, ব্লু বুকসহ আনুষঙ্গিক সব কাগজ ভুয়া। সিলেটের জাফর আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিন বছর আগে চুক্তির মাধ্যমে গাড়িটি কিনেছিলেন মহাখালীতে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশন ভবনের মালিক ও নির্মাণ ব্যবসায়ী জাহিদ। প্রায় তিন কোটি টাকার কর ফাঁকি দিয়ে গাড়িটি কেনেন তিনি। করসহ গাড়িটি মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মইনুল খান বলেন, কর ফাঁকি ও রেজিস্ট্রেশন না থাকার কারণে সম্প্রতি বিএমডব্লিউসহ ১০টি বিলাসবহুল প্রাইভেট কার জব্দ করা হয়েছে।