রাজধানীর মধুবাগে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারের মধুবাগে গতকাল মঙ্গলবার গৃহবধূ ডলি রানী বণিক (৪৫) খুন হয়েছেন। উজ্জীবন গলির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ডলির স্বামী সজল বণিক মালয়েশিয়াপ্রবাসী। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার হাজীপুরে। দুই ছেলেকে নিয়ে তিনি উজ্জীবন গলির ভাড়া বাসায় থাকতেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ডলির ছোট ছেলে দীপ্ত বণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় ফিরে মায়ের লাশ দেখতে পান।
রাত ১০টার দিকে একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলায় ডলির বাসায় গেলে দীপ্ত প্রথম আলোকে বলেন, কয়েক দিন থেকে তাঁর মা আতঙ্কে ছিলেন। মা তাঁদের দুই ভাইকে বলেছিলেন, কেউ তাঁকে অনুসরণ করে। গতকাল তাঁর বড় ভাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুয়েল বণিক ক্লাস করতে যান। আর তিনি বেলা সাড়ে ১১টার দিকে ক্রিকেট খেলতে যান কলাবাগান মাঠে। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি, ধাক্কাধাক্কির পরও সাড়া পাননি। একপর্যায়ে বাড়ির মালিকের মেয়ের কাছ থেকে চাবি নিয়ে ছাদের দরজা খুলে তিনি সেখান থেকে তাঁদের বাসায় ঢুকে শোবার কক্ষে মায়ের গলাকাটা মরদেহ দেখেন। খবর পেয়ে জুয়েল বাসায় আসেন।
নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করে দীপ্ত এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান ও যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, খাটের ওপর শোয়া অবস্থায় ডলি রানীর বঁটি দিয়ে গলা কাটা হয়েছে। রক্তমাখা বঁটিটি পুলিশ উদ্ধার করেছে। কারা হত্যাকাণ্ডে জড়িত এবং হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকার তথ্যও পাওয়া যায়নি। বাসা থেকে কিছু চুরি হওয়ার তথ্যও পাওয়া যায়নি।