রাজধানীর যাত্রাবাড়ীতে খুন, বাসাবোতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর একটি মেসবাড়ি থেকে গতকাল রোববার সকালে জালাল আহমদ (৫৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। জালালকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নিহত জালাল যাত্রাবাড়ী মোড়ে ফুটপাতে দোকান বসিয়ে পান-সিগারেট বিক্রি করতেন। যাত্রাবাড়ী যুব শক্তি সংসদ রোডের একটি মেসে ভাড়া থাকতেন তিনি। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীর বারল গ্রামে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে জালালের লাশ স্বজনদের দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া জানান, প্রতিদিনের মতো গত শনিবার দোকান বন্ধ করে রাত ১১টার দিকে মেসে ফেরেন জালাল। সকালে মেসের অন্য সদস্যরা তাঁকে মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সকাল সাতটার দিকে লাশ উদ্ধার করে। জালালের গালে, বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময়ে তাঁকে লাঠি বা অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই মেস থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত খুনের বিষয়ে বেশি কিছু জানা যায়নি।
বাসাবোতে ডাকাতি: রাজধানীর বাসাবো কদমতলী এলাকায় গতকাল ভোরে স্বপন চন্দ্র দাস (৩০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে ডাকাতেরা। আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ির মালিক তুহিন আহম্মেদ সাংবাদিকদের জানান, ভোর পাঁচটার দিকে একদল ডাকাত বাসার পিলার বেয়ে ছাদে ওঠে, পরে দ্বিতীয় তলায় প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় বাসার নিচতলার ভাড়াটে স্বপন ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে ডাকাতেরা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।