রাজনগরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, মামলা, গ্রেপ্তার ৭
মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গত শনি ও গতকাল রোববার রাজনগর বাজার ও ঘরগাঁও গ্রাম থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খানের নেতৃত্বে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সমর্থনে রাজনগর উপজেলা সদরে একটি মিছিল বের করা হয়। এই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ওরফে ভেলাইয়ের সমর্থকেরা মিছিলে হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় রাজনগর থানা পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খানসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল এবং রাজনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের পর গ্রেপ্তার হওয়া সাতজন হলেন: ঘরগাঁও গ্রামের সুমন মিয়া (২৯), ইমন মিয়া (২৭), হাছান মিয়া (৩২), বাজিদ মিয়া (২৪), আবুল কালাম (৩৪), অপু মিয়া (৩৬) ও আমিন মিয়া (৩০)। এঁরা সবাই সভাপতি মিছবাহুদ্দোজার সমর্থক। তাঁদের মিছিলে হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
আছকির খান পক্ষের রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ বলেন, ‘একটি কুচক্রী মহল সমাজকল্যাণমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল শুরুর পর সভাপতির (মিছবাহুদ্দোজা) সমর্থকেরা মিছিলে হামলা করেছেন। আমার বাড়িতে (রাজনগরের ঘরগাঁও গ্রামে) ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।’
মিছবাহুদ্দোজা বলেন, ‘আমি ঢাকা ছিলাম। ঘটনার বিষয়ে সঠিক বলতে পারব না।’
পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক আছকির খানের পক্ষের সাজ্জাদুর রহমান বাদী হয়ে মিছিলে হামলা চালানোর অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে গতকাল রাজনগর থানায় একটি মামলা করেছেন। গত শনিবার দিবাগত রাতে ঘরগাঁও গ্রাম থেকে পুলিশ চারজন এবং গতকাল রোববার রাজনগর বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।
রাজনগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী গতকাল রোববার বিকেলে বলেন, সাজ্জাদুর রহমান মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলা করেছেন। এই মামলায় ওই সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।