রাজনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার খেয়াঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় একটি অটোরিকশা ও বাজারের ১০টি দোকান ভাঙচুর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হামিদপুর গ্রামের শহীদ মিয়ার দোকানের সামনে দিয়ে ভেরিগাঁওয়ের হেলাল মিয়া বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় শহীদ মিয়া তাঁর গায়ে হেলাল মিয়ার বাইসাইকেলের চাকা লেগেছে বলে অভিযোগ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে শহীদ মিয়া ও তাঁর লোকজন হেলাল মিয়াকে মারধর করেন।
এ নিয়ে প্রথমে হামিদপুর ও ভেড়িগাঁওয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষে আরও ১২টি গ্রামের মানুষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ভেড়িগাঁওয়ের হেলাল মিয়া (৩০), রামপুরের হেলা মিয়া (২৪), গালিমপুরের গেদন মিয়া ((২৮), তুলাপুরের জায়েদ মিয়া (২৮) ও লিলু মিয়াকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।