রাজনগরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে ইতালিপ্রবাসী গাউসুজ্জামানের (গেন্দু মিয়া) বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
গাউসুজ্জামানের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ওই বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি ওজনের স্বর্ণালংকার, ছয়টি মুঠোফোন ও নগদ টাকা লুটে নেয়।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিতু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ডাকাতির খবর পেয়ে ভোরেই ওই বাড়িতে গিয়েছি। ডাকাতেরা সবাইকে বেঁধে ফেলেছিল। ডাকাতির কথা জানালে তাঁকে (গাউসুজ্জামানকে) অপহরণ ও গুম করার হুমকি দিয়ে গেছে ডাকাতেরা। তবে ডাকাতেরা কত টাকা নিয়েছে, তা জানা যায়নি।’
এ ব্যাপারে রাজনগর থানার ওসি শামছুদ্দোহা বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। এর পরও বিষয়টি আমরা দেখছি।’