রাজনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ আহত ১৫
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গারহাটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙ্গারহাট বাজারের পাশের মাঠে মেন্দিখান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সোমবার আদর্শ স্পোর্টিং ক্লাব মনসুরনগর ও সমাজকল্যাণ পরিষদ বালিসহস্রের মধ্যে খেলা চলছিল। একপর্যায়ে দর্শকেরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারিকে গালমন্দ করেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে দর্শকদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের সমর্থক ও আয়োজকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আরজান আলী, আছমত মিয়া, মকবুল মিয়া, সালিক মিয়া, জিলু মিয়া, জুনাইদ খান, মজনু মিয়া, ডিপলু মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রাজনগর থানার ওসি মো. আব্দুল বাসেত গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।