রাজনগরে মানসিক রোগীর হাতে এক ব্যক্তি খুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার আখতার মিয়া (৩৫) নামের এক মানসিক রোগীর দায়ের কোপে এক ব্যক্তি খুন ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আখতারকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল উপজেলার ক্ষেমসহস্র গ্রামের কিছু লোক আখতারের বাড়ির কাছে বটগাছের নিচে একটি গরু জবাই করে মাংস ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মাংস ভাগাভাগির শেষ দিকে আখতার হঠাৎ বাড়ি থেকে দা হাতে বেরিয়ে এসে যাঁকে সামনে পান, তাঁকেই ধাওয়া করেন। একপর্যায়ে তিনি ওই গ্রামের আবদুল কাদির (৫০) ও আবদুল মালিক তরফদারকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম করেন। এতে কাদির ঘটনাস্থলেই মারা যান। মালিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ মিলে তাঁকে আটক করে। এ সময় এলাকার লোকজনের মারধরে আখতার আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখতারের পরিবার সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই আখতার মানসিক রোগী। তাঁকে পাগলা গারদে রেখে চিকিৎসাও করানো হয়েছে।