রাজনগরে যাত্রামঞ্চ পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল নাচ ও জুয়ার আসর পরিচালনার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি যাত্রামঞ্চ জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শনিবার দুপুরে ফতেহপুর ইউনিয়নের ইসলামপুরে এ ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকারও পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে ওই গ্রামের কুশিয়ারা নদীর পাড়ে যাত্রা শুরু হয়। পরে সেখানে যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর চলতে থাকে। স্থানীয় লোকজন এর প্রতিবাদে সভা-সমাবেশ করেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। এর পরও অশ্লীল নাচ ও জুয়ার আসর বন্ধ না হওয়ায় যাত্রা প্রতিরোধ কমিটির নামে যাত্রামঞ্চ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করা হয়।
গতকাল দুপুরে উপজেলার মোকামবাজার থেকে উপজেলার ফতেহপুর, গবিন্দপুর, ভেড়িগাঁও, মেদিনীমহল, বেড়কুড়ি, হামিদপুর, শাহপুর, জাহিদপুর, আবদুল্লাহপুর, তুলাপুর, রামপুর, গালিমপুর, জুড়াপুর, ছরকারপাড়, বেতাহুঞ্জা, মুনিয়ারপাড়, শাহবাজপুর, মিয়ারগাঁও, খলাগাঁও, কাশিমপুর, ছোয়াবালী, সিলেটের বালাগঞ্জ উপজেলার হামছাপুর, ভঙ্গপুর এবং পয়লনপুরসহ ২৫টিরও বেশি গ্রামের বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে ইসলামপুরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বিক্ষুব্ধ জনতা মঞ্চে আগুন ধরিয়ে দেন। তখন আয়োজকেরা ঘটনাস্থল থেকে সরে যান। মিছিলটি ফিরে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতা ইসলামপুর গ্রামে যাত্রা আয়োজকদের একজন সুফিয়ান মিয়ার বাড়িতে হামলা করে তাঁর একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয়।
পরে আবদুল্লাহপুর বাজারে আওয়ামী লীগ নেতা শেখ বশির মিয়ার সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাপ্তান মিয়া, রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল লতিফ, মাওলানা আবদুর রব প্রমুখ।
যাত্রার আয়োজকদের একজন ছুফিয়ান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকালেই তাঁরা প্যান্ডেল ভেঙে ফেলেছিলেন। বিক্ষুব্ধ জনতা তাঁর স্তূপ করা মালামাল পুড়িয়ে দিয়েছে।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান লইলুছ বলেন, তিনি আগেই আয়োজকদের যাত্রা বন্ধ করতে বলেছিলেন। এক দিন বন্ধও ছিল। এরপর আয়োজকেরা আবারও চালু করেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘যাত্রার কোনো অনুমতি ছিল না। হাজার বার বন্ধ করতে বলেছি। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’