রাজনগরে সরকারি কৌঁসুলির বাড়িতে ডাকাতি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামে এক সরকারি কৌঁসুলির (জিপি) বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।
মৌলভীবাজার জেলা জজ আদালতের জিপি আবুল কালাম ওরফে জিলা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে তাঁদের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তিনি মৌলভীবাজার শহরে থাকেন। খবর পেয়ে ঘটনার পরপরই বাড়ি আসেন। কিছুদিন আগে তাঁর যুক্তরাজ্যপ্রবাসী ভাই পরিবার নিয়ে দেশে আসেন। ঘটনার দিন তিনি (প্রবাসী ভাই) বাড়িতে ছিলেন। তিনি তাঁকে জানিয়েছেন, ১০ জন মুখোশধারী ডাকাত লোহার গ্রিল কেটে তাঁদের ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। এরপর তারা চাবি নিয়ে আলমারি খোলে। ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ৩৮ হাজার টাকা, ১৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও ছয়টি মুঠোফোন নিয়ে যায়।
রাজনগর থানার ওসি শামসুদ্দোহা বলেন, ‘ এই ঘটনায় থানায় মামলা হয়নি। তবে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করব।’