রাজনগরে হামলায় দুই নারী নিহত আহত তিনজন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মানসিক রোগী সাবেক আনসার সদস্য শফিক মিয়ার (৬০) ধারালো অস্ত্রের আঘাতে দুই নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শফিক মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত নারীরা হচ্ছেন ঘরগাঁও গ্রামের আবদুল মুহিতের মেয়ে সায়রা খাতুন (৩০) ও আবদুল হান্নানের স্ত্রী নজরুন বেগম (৪৫)। আহত তিনজন হচ্ছেন হামলাকারী শফিক মিয়ার মেয়ে সুমি বেগম (১৫), আবদুল হান্নানের মেয়ে তানিয়া বেগম (১৭) ও মৃত মইফাল মিয়ার স্ত্রী নেছারুন বেগম (৬৫)। আহত তিনজনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই হামলাকারীর নিকটাত্মীয়।
পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটা থেকে সোয়া তিনটার দিকে হঠাৎ করে শফিক মিয়া দা ও ছুরি নিয়ে এলোপাতাড়ি যাঁকে সামনে পেয়েছেন, তাঁকেই কুপিয়েছেন। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।