রাজনীতির শিকার জুরাছড়ির উন্নয়ন
২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি জুরাছড়ি উপজেলার তিনটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সড়ক তিনটি নির্মাণের কথা। তিনটি কাজের প্রাক্কলিত ব্যয় চার কোটি ৫০ লাখ টাকা। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উদ্বোধন হওয়া এ তিনটি সড়কের জন্য গত দুই বছরে বরাদ্দ এসেছে মাত্র ২৫ লাখ টাকা।
এ সড়ক তিনটির কাজ আদৌ হবে কি না তা নিয়ে সন্দিহান স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ। তাঁদের ধারণা, জুরাছড়ির উন্নয়ন রাজনীতির শিকারে পরিণত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের ভরাডুবি এবং উপজেলা নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের হারের পর উন্নয়নে স্থবিরতা নেমে এসেছে। শুধু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগেরও (এলজিইডি) উল্লেখযোগ্য কোনো কাজ নেই জুরাছড়ি উপজেলায়। উপজেলা পরিষদেও কোনো বরাদ্দ আসেনি বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুরাছড়ি থানাসংলগ্ন ডেবাছড়ি সংযোগ বাঁধ নির্মাণ, সদর ইউনিয়নের লেবারপাড়া থেকে বালিশপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ এবং বনযোগীছড়া ইউনিয়নের বালুখালী থেকে সামিরা পর্যন্ত সড়ক নির্মাণ উদ্বোধন করার পর সংযোগ বাঁধ নির্মাণকাজ হয়েছে মাত্র ৪০ লাখ টাকার। অপর দুটি কাজের কোনো বরাদ্দ আসেনি। তাই কাজের অগ্রগতি এখনো শূন্য।
সরেজমিনে দেখা গেছে, ডেবাছড়া সংযোগ বাঁধের দুই দিকে দুটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। কাজের অগ্রগতি না থাকায় জনগণের চলাচলের সুবিধার্থে সদর ইউনিয়ন পরিষদ দুটি কালভার্টের মাঝখানে কাঠের খুঁটি দিয়ে ২২২ ফুট দীর্ঘ একটি সংযোগ সেতু নির্মাণ করতে বাধ্য হয়েছে।
সংযোগ বাঁধ নির্মাণের ঠিকাদার মো. মনির বলেন, ‘বক্স কালভার্ট দুটি নির্মাণের প্রাক্কলিত ব্যয় ৬৬ লাখ টাকা। অথচ আমি কাজের বিল পেয়েছি মাত্র ৪০ লাখ টাকা। বরাদ্দ না পাওয়ায় এক বছরেরও বেশি সময় কাজ বন্ধ রয়েছে।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশল শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক তিনটি নির্মাণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১২ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। আর প্রাক্কলিত ব্যয়ের বরাদ্দ ছাড়ের কথা রয়েছে ২০১২-১৩ অর্থবছরে ১৫ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে দুই কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে এক কোটি ৫০ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ৮৫ লাখ টাকা। কিন্তু এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ২০১২-১৩ অর্থবছরে ১৫ লাখ টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ১০ লাখ টাকা।
বরাদ্দ ছাড়ের ধীর গতি সম্পর্কে প্রশ্ন করা হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশল শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান, প্রকল্পটি মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে। বরাদ্দ দেওয়ার বিষয়টি সেখান থেকে নির্ধারণ করা হয়। বরাদ্দ পাওয়া না গেলে কাজ বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি উপজেলায় জনসংখ্যার ৯৫ ভাগের বেশি আদিবাসী। বিগত জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় ভোট পড়েছিল ১১ হাজার ৯৪টি। এর মধ্যে দীপংকর তালুকদার পেয়েছিলেন মাত্র ২৯০ ভোট। এ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে জনসংহতি সমিতির প্রার্থীদের কাছে হেরেছিলেন। সে কারণে উপজেলার সব উন্নয়ন কাজে বরাদ্দ বন্ধ হয়ে গেছে বলে সবার অভিযোগ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমাসহ স্থানীয় লোকজনের মতে, জুরাছড়ি উপজেলার উন্নয়ন রাজনীতির শিকার। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, তাঁরা কোনো কাজ নিয়ে আর ওপর মহলে যেতে পারেন না। জুরাছড়ি উপজেলার ব্যাপারে আওয়ামী লীগ নেতাদের আগ্রহও নেই।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নিলে এ রকমই হয়। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া যায় না। তবে আমি বিষয়টা না দেখে বিস্তারিত বলতে পারব না। রাঙামাটি এসে বিষয়টি দেখব।