দেশে সরকারি নিরীক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় নিজেই ঘুষ-দুর্নীতিসহ নানা ধরনের অনিয়মে জর্জরিত। পাশাপাশি নির্বাহী বিভাগ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রতিষ্ঠানটিতে নিয়োগ-পদোন্নতি-বদলিসহ নিরীক্ষা কার্যক্রম ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে সিএজি কার্যালয়ের এ চিত্র উঠে এসেছে। ‘মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করে টিআইবি। প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গবেষণা প্রতিবেদনে দেখা যায়, সিএজি কার্যালয় ও এর অধীন নিরীক্ষা অধিদপ্তরগুলোতে নিরীক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগে সর্বোচ্চ তিন থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। নিরীক্ষার সময় নিরীক্ষিত প্রতিষ্ঠানের কাছ থেকে চলে ঘুষ-বাণিজ্য। নিয়োগ-পদোন্নতি-বদলিতে সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের তদবির করার একাধিক উদাহরণ রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে সিএজি কার্যালয় সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজ করতে পারছে না। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য টিআইবি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ২০টি সুপারিশ করেছে।
এই গবেষণা প্রতিবেদন প্রসঙ্গে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘দেশের সর্বত্র ক্ষমতার বিকেন্দ্রীকরণের সমস্যা রয়েছে। সংবিধান, শাসন কোনো না কোনোভাবে এককেন্দ্রিকতার মধ্যে থাকছে, ঘুরেফিরে একই জায়গা থেকে নির্দেশ আসছে। সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। এগুলো গণতন্ত্র-সুশাসনের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘নিয়োগে তদবিরের সংস্কৃতি থেকে আমরা কেউ হয়তো বের হয়ে আসতে পারছি না। আমি নিজে কোনো ক্ষমতাধর মানুষ নই, তার পরও প্রতিদিন অসংখ্য তদবিরের ফোন পাই। এটা মহামারির মতো হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি না করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সুশাসন প্রতিষ্ঠার জন্য তা থেকে বের হয়ে আসা দরকার।’
সিএজি কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য এর কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ছয় বছর ধরে নিরীক্ষা আইন খসড়া হয়ে আছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় অনুমোদন করছে না। আর্থিক নিয়ন্ত্রণের সম্পূর্ণ ক্ষমতা সিএজির অধীনে থাকার কথা থাকলেও প্রয়োগের ক্ষেত্রে তা নেই।
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির রিসার্চ ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার দীপু রায়। তিনি জানান, ২০১৩ সালের মার্চ থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এ গবেষণা করা হয়েছে। এ জন্য তাঁরা সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় এবং সিএজি কার্যালয়ের ৯২ জন কর্মকর্তা-কর্মচারী এবং দুজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছেন।
টিআইবি বলছে, ২০০২ সালেও তারা সিএজি কার্যালয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। এই ১৩ বছরের মধ্যে সিএজি কার্যালয়ের বেশ কয়েকটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত পাঁচ বছরে সিএজি কার্যালয়ের নিরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রায় ১৮ হাজার ৫২৮ কোটি আত্মসাৎ করা টাকা সমন্বয় ও উদ্ধার করা হয়েছে। ২০১২ সাল থেকে নিরীক্ষা পদ্ধতিতে স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সংযোজন করা হয়েছে, গঠন করা হয়েছে গণমাধ্যম ও যোগাযোগ শাখা। তথ্য অধিকার আইন প্রয়োগ করে মানুষ সিএজি কার্যালয় থেকে তথ্য পাচ্ছে। নবম জাতীয় সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি (পিএসি) ৬৪৮টি পুরোনো ও জমে থাকা নিরীক্ষা প্রতিবেদনের মধ্যে ৪৯০টির ওপরে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান।
ঘুষ-বাণিজ্য ও দুর্নীতি: গবেষণা প্রতিবেদনে সিএজি কার্যালয়ের নিরীক্ষাকালীন ঘুষ লেনদেনের একটি চিত্র তুলে ধরেছে টিআইবি। এতে বলা হয়, ঘুষের পরিমাণ নির্ভর করে নিরীক্ষিত প্রতিষ্ঠানের বাজেটের ওপর। টাকার অঙ্কে এটা পাঁচ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত। যেমন, রাজস্ব খাতের নিরীক্ষার সময় বড় অঙ্কের আয়করদাতাদের নথি একাধিকবার যাচাইয়ের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়। সবগুলো নিরীক্ষা অধিদপ্তরেই কমবেশি ঘুষ নেওয়ার অভিযোগ আছে। যেমন, বাণিজ্যিক নিরীক্ষায় প্রতি কোটি টাকায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে। অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আছে—এমন প্রতিষ্ঠানগুলো নিরীক্ষা করার আগ্রহ থাকে বেশি। ২০০৯ সালে প্রতিরক্ষা হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিডিএফ) কার্যালয়ে নিরীক্ষক নিয়োগ এবং ২০১২ সালে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অর্থ) কার্যালয়ে গাড়িচালক ও নিরীক্ষক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। টিআইবি বলছে, নিরীক্ষার সময় মাঠপর্যায়ের দুর্নীতি ধরা পড়লেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না।
রাজনৈতিক প্রভাব: সিএজি কার্যালয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিয়োগে রাজনৈতিক প্রভাব বিস্তারের কয়েকটি উদাহরণ সংবাদ সম্মেলনে তুলে ধরে টিআইবি। এ সময় বলা হয়, সম্প্রতি এক ব্যক্তির নিয়োগের জন্য ছয়জন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী, একজন সংসদীয় কমিটির সভাপতি ও ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা তদবির করেছেন। আবার সিএজি কার্যালয়ের এক কর্মকর্তা সঠিকভাবে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করায় তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা সেটিকে ছুড়ে ফেলে দিয়েছেন।
সততার সঙ্গে কাজ করায় সিএজি কার্যালয়ের প্রথম শ্রেণির এক কর্মকর্তার ওপর রুষ্ট হয়ে সরকারের এক প্রভাবশালী মন্ত্রী প্রভাব খাটিয়ে তাঁকে বদলি করিয়েছেন। তাহলে কেন কর্মকর্তারা সততার সঙ্গে কাজ করবেন—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ঘটনাটি আমিও ব্যক্তিগতভাবে জানি। এটা আমাদের দুর্ভাগ্য যে সততার সঙ্গে কাজ করলে পুরস্কৃত হওয়ার পরিবর্তে অনেককে শাস্তিও পেতে হয়।’
দুর্বলতা ও ঘাটতি: টিআইবির প্রতিবেদন বলছে, বাজেট, নিয়োগ, শিক্ষাছুটি, পদোন্নতি, নিয়মবিধি, আইনগত বিষয় ও কেনাকাটার জন্য সিএজি কার্যালয় এখনো অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপর নিভর্রশীল। এ জন্য সাংবিধানিক সংস্থা হলেও এটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সরকারের জনবল ও বাজেট কয়েক গুণ বাড়লেও সিএজি কার্যালয় এখনো ২৬ বছরের পুরোনো কাঠামো দিয়ে কাজ করছে। এখানে প্রথম শ্রেণির কর্মকর্তা মোট জনবলের মাত্র ৩ দশমিক ৬৯ শতাংশ।
সুপারিশ: টিআইবি সুপারিশ করেছে, সুশাসন প্রতিষ্ঠার জন্য সিএজিকে বাজেট, নিয়োগসহ সব বিষয়ে সাংবিধানিক ক্ষমতা স্বাধীনভাবে প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে। এই কার্যালয়ের সব নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে, জনবলকাঠামো ও নিয়োগের বিধিমালা অনুমোদন করতে হবে, নিরীক্ষা শেষ করে প্রতিবেদন তৈরি করে জমা দেওয়ার সময় ঠিক করে দিতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো কাজের জন্য প্রণোদনার ব্যবস্থা আছে, সিএজিতেও সে ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ও বড় আকারের দুর্নীতির তথ্যগুলো সিএজি কার্যালয় পিএসিকে দেবে এবং পিএসি অভিযোগ অনুসারে শাস্তির সুপারিশ করবে; সিএজি কার্যালয়ের ক্যাডার কর্মকর্তা কমপক্ষে ৩০ শতাংশ বাড়াতে হবে, স্থানীয় ও রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরকে দুটি আলাদা অধিদপ্তরে ভাগ করা প্রভৃতি। এ ছাড়া মন্ত্রণালয়গুলোতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শাখা খোলা এবং আর্থিক নিরীক্ষা থেকে গুণগত নিরীক্ষার দিকে যাওয়ার কৌশল তৈরি করতে হবে।