রাজনৈতিক দলের অফিসে ডেকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
রাজধানীর ওয়ারী এলাকায় ‘জাতীয় জনতা পার্টি’ অফিস কক্ষে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ গতকাল বুধবার মামলা করলে আমিনুল হক ভূঁইয়া (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা-পুলিশ।
আমিনুলকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এ ঘটনায় জড়িত আরও তিন যুবকের মধ্যে গৃহবধূ একজন আসামির নাম বলতে পেরেছেন। বাকি দুজনের নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার পরিদর্শক মোহাম্মদ সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূকে তিন যুবক মিলে পার্টি অফিসে গণধর্ষণের কথা স্বীকার করেছেন আসামি আমিনুল হক। গৃহবধূ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।
২১ বছর বয়সী গৃহবধূ তাঁর মামলার এজাহারে বলেছেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ মে ওয়ারীর জাতীয় জনতা পার্টি অফিসে তাঁকে ডাকেন আমিনুল হক। বিকেল চারটার দিকে তিনি ওই অফিস কক্ষে যান। তখন আমিনুল হক তাঁকে অফিসের বাইরে অপেক্ষা করতে বলেন। ইফতারের পর ওই অফিসে আমিনুলের সহযোগী সুমনসহ তিন যুবক আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিনুল হক ওই গৃহবধূকে তাঁর অফিস কক্ষে ডেকে নেন। পরে আমিনুল অফিসকক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সুমন গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা করেন। বাধা দিলে বাকি দুই যুবক গৃহবধূর হাত-পা চেপে ধরেন। তখন সুমন প্রথমে তাঁকে ধর্ষণ করেন। এরপর ওই দুই যুবক তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তাঁকে হত্যার হুমকি দেন তাঁরা।
আদালতকে পুলিশ প্রতিবেদন দিয়ে বলছে, পলাতক আসামি সুমনসহ তিন যুবক ওয়ারীর টয়েনবি সার্কুলার রোডের জাতীয় জনতা পার্টি অফিস কক্ষে গৃহবধূকে গণধর্ষণ করেছেন। ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা সেলিম মিঞা বলছেন, গৃহবধূ আসামিদের পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেননি। একজনের নাম বলতে পেরেছেন। তাঁর মোবাইলে সূত্র ধরে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।
মামলায় গৃহবধূ বলছেন, তিন বছর আগে তিনি বিয়ে করেন। তাঁর আছে এক সন্তান। রাজধানীর গুলিস্তানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভ্যর্থনা কর্মী হিসেবে চাকরি করতেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর ২০১৭ সালে তিনি চাকরি ছেড়ে দেন। তবে কয়েক মাস ধরে তিনি চাকরি নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। আর আসামি আমিনুল হক ওই গৃহবধূকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।