রাজনৈতিক প্রতিহিংসায় বরখাস্ত করা হয়েছে: গউছ

হবিগঞ্জ পৌরসভার সদ্য বরখাস্ত হওয়া মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তাঁকে পরিকল্পিতভাবে বরখাস্ত করা হয়েছে।
২০০৪ সালে সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রে সম্প্রতি গউছ অভিযুক্ত হন। তাই তাঁকে গতকাল রোববার বরখাস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জের এ মামলার ১২ বছর পর তাঁকে শ্রেণিভুক্ত আসামি করা হয়। তিনি যখন শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে ছিলেন, তখন তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন।
এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেওয়া সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে জি কে গউছকে অভিযুক্ত করা হয়। একই বছরের ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় ২০১৫ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ। ২০১৬ সালের জানুয়ারিতে শপথ নেন। কিন্তু কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় ওই বছরের ২০ মার্চ তাঁকে বরখাস্ত করা হয়। প্রায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে দুটি মামলাতেই জামিনে মুক্তি পান।
জি কে গউছ বলেন, তিনি যদি সত্যি অপরাধী হতেন, তা হলে হবিগঞ্জের মানুষ তাঁকে এভাবে টানা তিনবার মেয়র নির্বাচিত করত না। তিনি দাবি করেন, কোনো মামলাতেই তাঁর সম্পৃক্ততা নেই। গউছ বলেন, ‘বিচারক যদি ন্যায়বিচার করার সুযোগ পান, তা হলে আমার বিশ্বাস এসব মামলাই মিথ্যা মামলা হিসেবে প্রমাণিত হবে এবং আমি খালাস পাব।’
গত ২৩ মার্চ মেয়র হিসেবে গউছ হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন। এর ১১ দিনের মাথায় তাঁকে বরখাস্তের আদেশের কপি গতকাল রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন অ্যাক্ট উপসচিব মো. মাহমুদুল আলমের পক্ষ থেকে ফ্যাক্স বার্তার মাধ্যমে আদেশের কপিটি পাঠানো হয়।