মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী। হঠাৎ করে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। এ সময় প্রচণ্ড হট্টগোল শুরু হয়। একপর্যায়ে চেয়ারম্যানকে লাঞ্ছিত করা হয়।
গত মঙ্গলবার মহান বিজয় দিবসের দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীনের সভাপতিত্বে দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় উপস্থিত কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, মহান বিজয় দিবসের দিন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রোকেয়া পারভীনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ। তিনি উপজেলা বিএনপিরও সহ-সভাপতি। গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে চেয়ারম্যান রাজনৈতিক বক্তব্য দিতে গেলে মুক্তিযোদ্ধাদের অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। হইচই, হট্টগোলের মধ্যে তাঁকে লক্ষ্য করে পানির বোতলও ছুড়ে মারা হয়। এতে তিনি আর বক্তব্য শেষ করতে পারেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি শান্ত করেন।
পটিয়া মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার্স ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম বলেন, ‘তাঁর বোঝা উচিত ছিল এটি কোনো রাজনৈতিক সভা নয়। এটা মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান। তিনি নিজ দলের পক্ষে রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করায় মুক্তিযোদ্ধারা ক্ষেপে যান।’
অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, সামান্য ভুল-বোঝাবুঝি হওয়াতে হইহল্লা হয়েছে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, প্রধান অতিথির বক্তব্য নিয়ে হইহল্লা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।