রাজনৈতিক সহকর্মী খুনের মামলায় ছয় ছাত্রলীগ নেতার রিমান্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার ছয় আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছয়জনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, আজ বুধবার সকালে কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতের বিচারক নাজমুন নাহার সুমির আদালতে আসামিদের হাজির করা হয়। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহ এবং ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য আসামিদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিগগিরই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ওই ছয় আসামি হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা রূপম চন্দ্র দেবনাথ (২৩), সজন বরণ বিশ্বাস (২১), রেজাউল ইসলাম মাজেদ (২৩), জাহিদুল ইসলাম ওরফে জুয়েল (২৭), আবু বকর সিদ্দিক (২৬) ও সুদীপ্ত নাথ (২৪)।
এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তদন্ত কমিটির সদস্যরা এবং দুপুরে গোয়েন্দা পুলিশের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। তাঁরা খালিদকে যেখানে হত্যা করা হয়েছে, সে স্থান পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ আইনুল হক বলেন, সকালে উপাচার্য মহোদয়ের সঙ্গে তদন্ত কমিটির বৈঠক হয়। বিকেলে তদন্ত কমিটি আলাদাভাবে বৈঠক করে। দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে।
সার্বিক বিষয়ে উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিচার করার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি। পুলিশ তদন্ত করছে, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও কাজ করছে। তদন্তের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব মহলকে সহযোগিতা করছে।’
ঘটনাস্থল পরিদর্শন প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম বলেন, ‘আজ বেলা দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের দোতলার টেলিভিশন কক্ষের সামনের মেঝে মামলার তদন্ত কর্মকর্তাসহ পরিদর্শন করি। সেখানে গত রোববার রাতে খালিদকে হত্যা করা হয়। ওই মেঝেতে রক্তের ছোপ রয়েছে। সেগুলো জমাট বাঁধা। দোতলার ১০টি সিঁড়িতেও রক্তের দাগ রয়েছে। সবদিক আমরা বিশ্লেষণ করছি। খুনের সঙ্গে জড়িত আরও দুই থেকে তিনজনকে গ্রেপ্তার করলেই এই হত্যাকাণ্ডের জট খোলা যাবে।’
গত রোববার রাতে শোকের মাস আগস্ট উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর মাথার বাঁ পাশে গুলি লাগে। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ ও আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ছয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।