রাজবংশীপাড়ার আশিটি পরিবার নিরাপত্তাহীনতায়
যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের (কেশবপুর) মধ্যকুল গ্রামের রাজবংশীপাড়ায় বখাটে ও সন্ত্রাসীদের অত্যাচারে আশিটি পরিবারের চার শতাধিক সদস্য চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পাড়ার একটি পরিবারের বাড়িতে হামলা চালিয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়ায় তাদের পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার দাবিতে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
আশা উমা সরকার (২৭) নামের রাজবংশীপাড়ার এক বাসিন্দা বলেন, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ১৫-২০ জন যুবক এসে তাঁদের বাড়িতে হামলা করেন। তাঁরা গ্রিলে জোরে আঘাত করেন। যুবকেরা তাঁর স্বামী প্রভাষ সরকার আছেন কি না, জানতে চান। মাছ বিক্রি করতে গেছেন বললে তাঁরা ৫৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভারতে চলে যেতে হবে এবং এখানে থাকলে বাড়ির সবাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ সময় পাড়ার অন্য লোকেরা এলে এঁদের মধ্যে ছয়জনকে চিনে ফেলেন তিনি। তাঁরা হলেন মধ্যকুল গ্রামের রফিকুল ইসলাম, রুবেল হোসেন, মাছুম হোসেন, হারুন মোল্লা, আবদুল্লাহ ও মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের নাজিম উদ্দীন।
শিখা রায়, পারুল বিশ্বাস, পূর্ণিমা সরকার, সুবর্ণা সরকার, রিনা বিশ্বাস বলেন, ওই যুবকেরা প্রায়ই তাঁদের পাড়ায় এসে চোটপাট করেন। তাঁরা স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করেন। তাঁদের ভয়ে কেউ বাড়ির বাইরে বের হতে পারে না। তাঁরা বলেন, তাঁদের বাড়ির পুরুষেরা মাছ বিক্রি ও মাছ ধরার কাজে ভোরে বাড়ি থেকে বের হন আর মধ্যরাতে বাড়ি ফেরেন। আর তাঁরা সব সময় ভয়ের মধ্যে থাকেন। বিশেষ করে তরুণীরা বেশি ভয়ে থাকেন।
বিকাশ রায় বলেন, ‘আমাদের পাড়ার বিদ্যালয়ে যাওয়া ছেলেমেয়েদের রাস্তায় নাজেহাল করা হয়। বিভিন্ন অজুহাতে তারা আমাদের মারপিট করে। আমরা এ পাড়ার অধিবাসীরা নিরাপত্তা চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আপনারা একত্র হয়ে থাকেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না।’ তিনি স্মারকলিপিটি থানায় পাঠিয়ে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইউএনও উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। এখন থেকে ওই পাড়ায় প্রতি রাতে পুলিশি টহলের ব্যবস্থা নেব।’
কেশবপুর থানার উপপরিদর্শক আবদুল ওহাব জানান, স্মারকলিপির অনুলিপি তাঁরা পেয়েছেন। ওই পাড়ার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ রাজবংশীপাড়ায় মাঝেমধ্যে টহল দিচ্ছে।