রাজবাড়ী ও ফরিদপুরে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় গত রোববার গণডাকাতির ঘটনা ঘটেছে। একই দিনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামার গ্রাম ও ফুলঘর গ্রামের দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনজন আহত হয়েছেন।
রাজবাড়ীতে ডাকাতির শিকার বেনাপোল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের চালক বজলুর রহমান জানান, ডাকাতেরা দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গাছ ফেলে পথ রোধ করে। প্রথমে একটি ব্যক্তিগত গাড়ি, পরে একটি কাভার্ড ভ্যানে ডাকাতি করে তারা। এ সময় তাঁর সামনে থাকা খুলনার একটি যাত্রীবাহী বাসের দরজা বন্ধ থাকায় ডাকাতেরা উঠতে পারেনি। এরপর তাঁর গাড়ির দুই পাশের জানালা দিয়ে চারজন ডাকাত হাত বাড়িয়ে তাঁর সঙ্গে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতেরা আরও কয়েকটি গাড়িতে হামলার পরে একটি গরুবোঝাই ট্রাকে হামলা চালায়। এ সময় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পালিয়ে যায়।
আহলাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট বলেন, ‘কোনো পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেনি। ডাকাতেরা রাস্তায় গাছ ফেলে গাড়ি দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।’
ফরিদপুরের গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম জানান, কামার গ্রামের চরপাড়া এলাকায় ব্যবসায়ী আক্তার হোসেনের (৬০) বাড়িতে রোববার দিবাগত রাতে ১৬-১৮ জনের একটি দল বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ৯০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতেরা আক্তার হোসেন, তাঁর স্ত্রী রাহেলা বেগম (৫৬) ও ছেলে সেকেন্দারকে (৪৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চেয়ারম্যান আরও জানান, এর আগে রাত একটার দিকে ডাকাত দল ফুলঘর গ্রামের প্রবাসী মাসুদ খানের বাড়িতে ডাকাতি করে। গ্রামবাসী তাদের ধাওয়া দিলে ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাশেমুজ্জামান জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।