বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী এলাকায় পাওনা আদায় নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গত শুক্রবার রাতে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। একই দিন মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মোরেলগঞ্জে প্রাণহানির শিকার ব্যক্তির নাম জবেদ মল্লিক (৬০)। তাঁর বাড়ি বারইখালী এলাকায়। রাজবাড়ীতে নিহত ব্যক্তির নাম মাইনুদ্দিন গাজী (২০)। তিনি কল্যাণপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
মোরেলগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, জবেদ মল্লিকের কাছে তাঁর ছেলের শ্যালক একই এলাকার রাজীব খলিফা (১৬) পাওনা হিসেবে ৫০০ টাকা দাবি করে আসছিল। শুক্রবার রাতে জবেদ মল্লিকের বাড়িতে এসে রাজীব ওই টাকা দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজীব হাতের কাছে থাকা লাঠি দিয়ে জবেদের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জবেদ নিহত হন। রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) এনামুল হক বলেন, গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজবাড়ী সদর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কয়েক দিন আগে মুঠোফোন চুরির অপবাদে একই এলাকার ফয়সাল আহম্মেদকে (১৯) শুক্রবার বিকেলে মাইনুদ্দিন ও তাঁর বন্ধু নজরুল ইসলাম মারধর করেন। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে ফয়সালের নেতৃত্বে তাঁর সহযোগীরা মাইনুদ্দিন ও নজরুলকে মারধর করেন। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। রাতেই মাইনুদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল শনিবার ভোরে তিনি মারা যান।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে বরিশালের গৌরনদী প্রতিনিধি জানান, পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দেনাদার। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ব্যক্তি ও থানা-পুলিশ সূত্র জানায়, লাখেরাজ কসবা গ্রামের কাজী আ. আউয়ালের ছেলে কাজী আবুল কালাম (৩৫) একই গ্রামের নিজাম আকনের সঙ্গে যৌথভাবে ব্যবসা করে আসছিলেন।
কাজী আবুল কালাম বলেন, নিজাম আকনের কাছে তাঁর ১ লাখ ৭০ হাজার টাকা পাওনা অবস্থায় উভয়ের মধ্যে যৌথ ব্যবসা গুটিয়ে নেন। নিজাম বারবার টাকা দেওয়ার কথা বললেও প্রায় তিন মাস ধরে নানান টালবাহানা শুরু করেন। গত শুক্রবার বিকেলে নিজাম আকনের কাছে টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ‘এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টায় নিজাম আকন (৪৫) ও তাঁর ছেলে হৃদয় আকন (২৫) ধারালো অস্ত্র নিয়ে আমার বসতঘরে ঢুকে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আমাকে রক্ষায় আমার স্ত্রী তন্নি আকতার (২৫) এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করেন তারা।’
নিজাম আকন হামলার কথা অস্বীকার করে বলেন, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই।’
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম আফজাল হোসেন বলেন, থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।