রাজবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে মেহেদিগাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজনকে মারধর করা হয়েছে। জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল জব্বার মোল্লা (৪৭)।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ চারজনকে আটক করেছে। এ ঘটনায় গতকাল সোমবার নিহত জব্বারের বড় ছেলে নাজমুল মোল্লা (২০) বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত খোরশেদ আলী বিশ্বাসের পরিবারের লোকজন পলাতক।

জব্বারের ছোট ভাই ইকবাল মোল্লা বলেন, ঈদের পরের দিন তাঁর বড় ভাই জলিল মোল্লার বাড়ির মেহেদিগাছের ডাল ভেঙে নেয় প্রতিবেশী খোরশেদ বিশ্বাসের নাতি হৃদয়। এ ব্যাপারে হৃদয়ের বাবা এরশাদের কাছে নালিশ করলে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। রোববার দুপুরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়ার একপর্যায়ে জলিলের মা হালিমা বেগম (৭৫), স্ত্রী হামিদা বেগম (৪০) এবং মেয়ে আশা খাতুনকে (২০) মারধর করা হয়।

রাত ১০টার দিকে খোরশেদ বিশ্বাসের ছেলে আরজু জলিলের মেজ ভাই আবদুল জব্বার মোল্লার মুঠোফোনে ফোন করে ঘটনার মীমাংসার জন্য তাঁদের বাড়িতে ডাকেন। জব্বার মোল্লা খোরশেদ বিশ্বাসের যাওয়ার সময় পথে পতিপক্ষের লোকজন জলিলের গলায় চাপাতি দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় জলিলের ছেলে হাবিব মোল্লা ও ভাতিজা মুসা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়।

নিহত জব্বারের ভগ্নিপতি শাহিদুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় মুসা ও হাবিবকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।