রাজবাড়ীতে কলেজছাত্র খুন
রাজবাড়ীতে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার শহরের সজ্জনকান্দায় নিহত ছাত্রের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দুই ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন।
নিহত কলেজছাত্রের নাম বিপুল হাওলাদার (২৩)। তিনি রাজবাড়ী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সংসারের আয় ও পড়ালেখার খরচ চালাতে তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।
হত্যাকাণ্ডের রাতেই নিহত বিপুলের বাবা জয়নাল হাওলাদার বাদী হয়ে মিথুন (১৮) নামের এক তরুণকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।
বিপুলের বোন ছাবিনা আক্তার অভিযোগ করেন, গত রোববার প্রতিবেশী মজিদ শেখ তাঁদের বাড়ির সীমানা ঘেঁষে প্রাচীর দেন। এ সময় ইজিবাইক নিয়ে বাড়ি ঢুকতে সমস্যা হওয়ায় মজিদকে দুই ইঞ্চি সরিয়ে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন বিপুল। এ ঘটনায় প্রতিবেশী মিথুন, তসলিমসহ আরও কয়েকজন বিপুলকে মারধর করেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের হরিতলা পূজামণ্ডপ এলাকায় মিথুনসহ ১৫-১৬ জন বিপুলকে আবার মারধর করেন ও তাঁর কাছে থাকা প্রায় তিন হাজার টাকা ছিনিয়ে নেন। বিপুল বাড়িতে এসে বিষয়টি মা-বাবাকে জানালে তাঁরা গিয়ে মিথুনের মায়ের কাছে নালিশ করেন। এতে মিথুন ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হন। গত শনিবার বিপুল প্রতিবেশীর বাড়িতে ইজিবাইকটি চার্জ দেওয়ার জন্য রেখে বাড়িতে ফিরে আসছিলেন। বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে তাঁর পেটে ছুরিকাঘাত ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ছাবিনা আক্তার জানান, তাঁদের বাবার চায়ের দোকানের রোজগারে ভাইবোনদের পড়ালেখার খরচ ও সংসার চলত। কিন্তু বাবার শারীরিক অসুস্থতার জন্য ১০ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক কেনেন বিপুল।
গত শনিবার সকালে বিপুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বিপুলের মা বারবার মূর্ছা যাচ্ছেন। রাস্তায় ইজিবাইকের শব্দ শুনলেই ‘বিপুলের গাড়ি’ ‘বিপুলের গাড়ি’ বলে চিৎকার করছেন। বিভিন্ন জনের কাছে ‘আমার ছেলের খুনের বিচার চাই’ বলে বিলাপ করছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মিথুন রাজবাড়ী ভকেশনাল ইনস্টিটিউটের নামধারী শিক্ষার্থী। শিক্ষার্থীদের মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। শনিবার দুপুরে এলাকাবাসী মিথুন ও তাঁর চাচাতো ভাই তসলিমের বাড়িতে আগুন দেন। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তাদের বসতঘর ও রান্না ঘর পুড়ে যায়। এ সময় ওই দুই বাড়ির কোনো সদস্যই ছিলেন না।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, আসামিরা ঘটনার পর থেকে পলাতক। মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মজিদ শেখকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।