রাজবাড়ীতে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী ডাঙ্গীপাড়া গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন চরঝিকড়ী ডাঙ্গীপাড়া গ্রামের শুকুর আলী মণ্ডল (৫০)। এ ঘটনায় নিহত কৃষকের ছেলে নয়ন মণ্ডল বাদী হয়ে গতকাল বিকেলে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পাংশা থানায় একটি হত্যা মামলা করেন।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুকুর সকালে নামাজ শেষে বাড়ির পাশে খেতে কাজ করতে যান। সকাল সাড়ে সাতটার দিকে মাঠে তাঁর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তাঁর মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বলেন, খুনের স্থানটি ঝোপঝাড়ে ভরা। জায়গাটি নিরিবিলি হওয়ায় কয়েকজন ব্যক্তি সেখানে আড্ডা দিত। শুকুর আলী চাষ করার জন্য সম্প্রতি খেতটি ইজারা নেন। খেত পরিষ্কার করার উদ্যোগ নিলে তারা খেপে যায়। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।