রাজবাড়ীতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে গতকাল শুক্রবার গণপিটুনিতে আবদুস ছালাম সরদার (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
আবদুস ছালাম সরদার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গাছিদাহ গ্রামের বাসিন্দা। দুই সন্তানের জনক ছালামের বাবার নাম মৃত আফছার আলী সরদার।
এলাকাবাসী জানান, ছালাম বৃহস্পতিবার রাতে লক্ষ্মীকোল গ্রামের মইনে ড্রাইভারের বাড়িতে কবুতর চুরি করেন। এ সময় ভুলে মুঠোফোন ফেলে যাওয়ায় আবারও সেখানে গেলে তাঁকে ধাওয়া করে ধরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর বিভিন্ন লোক তাঁকে নানাভাবে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছালামের চাচা লোকমান সরদার জানান, গান শুনে বাড়ি ফেরার সময় ছালামকে বুলবুলসহ কয়েকজন ধরে বাড়িতে ধরে নিয়ে যান। এরপর তাঁকে মারধর করা হয়। ভোরের দিকে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে রাখা হয়। তাঁর মাথায় ও পায়ে লোহার পেরেক ঢুকিয়ে নির্যাতন করা হয়। খুব সকালে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ‘বুলবুল, মইনে, ওহাবসহ ১০-১২ জন পিটিয়েছে’—এ কথা বলার পর তিনি মারা যান। এ ঘটনায় তিনি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান জানান, এলাকায় ছালাম চোর হিসেবে পরিচিত ছিলেন। কবুতর চুরির পর তাঁকে ধাওয়া করে ধরে পিটুনি দিলে মারা যান।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন বলেন, ‘ছালাম মইনে ড্রাইভারের বাড়ি থেকে রাতে কবুতর চুরি করেন। কিন্তু ভুলে তাঁর মুঠোফোন ফেলে রেখে আসেন। ফোনটি আনতে গেলে তাঁকে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করা হয়। তবে ওই বাড়িতে কোনো লোক না থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।’
রাজবাড়ী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে বিদ্যুতের খুঁটির পাশে রাস্তা থেকে ছালামের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় পাঁচটি অভিযোগ রয়েছে।