রাজবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের দাবি, ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম তাসলিমা বেগম (২২)। তিনি একই গ্রামের রাহিম আলীর স্ত্রী।
নিহত গৃহবধূর বাবা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের বাসিন্দা হায়াত আলী শিকদার। তিনি অভিযোগ করেন, চার বছর আগে রাহিমের সঙ্গে তাসলিমার পারিবারিকভাবে বিয়ে হয়। রাহিম রাজমিস্ত্রীর জোগালির (সহকারী) কাজ করতেন। কিন্তু তিনি ঠিকমতো কাজ করতেন না। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাসলিমাকে মারধর করতেন।
তাসলিমার মামা আরিফ বলেন, এলাকাবাসীর কাছে তিনি তাসলিমার মারা যাওয়ার খবর জানতে পারেন। এরপর সবাই তাসলিমার শ্বশুরবাড়িতে গিয়ে খাটের ওপর তাঁর লাশ দেখতে পান। এ ঘটনার পর থেকে রাহিমসহ তাঁদের পরিবারের সবাই পলাতক। আরিফ অভিযোগ করেন, তাসলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।