রাজবাড়ীতে ডাকাতের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় আমবাড়িয়া গ্রামে গত রোববার দিবাগত রাতে ডাকাতদের গুলিতে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সফিউদ্দিন মন্ডল (৫২)। তাঁর বাড়ি পাংশা উপজেলার চৌবাড়িয়া গ্রামে। তিনি কৃষিকাজ ও স্থানীয় বাজারে ক্ষুদ্র ব্যবসা করতেন। আহত ব্যক্তিদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সফিউদ্দিনের ভাই কোরবান মন্ডল জানান, রাতে ডাকাতেরা প্রথমে খাগজানা গ্রামের জীবন কুমার শর্মার বাড়িতে হানা দেয়। সেখানে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পিছু হটে। এরপর তারা বড় আমবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিন বিশ্বাসের বাড়িতে হানা দেয়। পরে ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। এ সময় তারা বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। এতে তাঁর ভাই নিহত এবং ভাতিজাসহ অনেকে আহত হন।
শাহাবুদ্দিন বিশ্বাস জানান, রাত আড়াইটার দিকে দরজা ভেঙে মুখোশধারী ১২-১৫ জন ডাকাত ঘরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে এবং মারধর করে। এ সময় ডাকাতেরা প্রায় ১২ হাজার টাকা, সোনার গয়না, একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন লুট করে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল রহমান মোল্লা জানান, শাহাবুদ্দিনের বাড়ির সামনে প্রথমে ডাকাতেরা গুলি চালায়। এতে শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম, শামীম ও নাছির আহত হন।
এরপর ডাকাতেরা এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। বাধা পেয়ে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে সফিউদ্দিন মন্ডল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া সফিউদ্দিনের ছেলে হাসান মন্ডল, প্রতিবেশী আইনউদ্দিন মন্ডল, সোনাই মন্ডল, ইনতাজ শেখ ও মমতাজ শেখ গুলিতে আহত হন। আহত ব্যক্তিদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসান, হাফিজুল ও নাছিরের অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ফকির জানান, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনের বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করা হয়েছে।