রাজবাড়ীতে তরুণকে গুলি করে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর স্লুইচগেট এলাকায় গত মঙ্গলবার রাতে ইমদাদ শেখ (২০) নামের এক তরুণকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ওমর আলী মণ্ডল ও আইন উদ্দিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত ইমদাদ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদাহ গ্রামের আবদুল হাকিম শেখের ছেলে। এ ঘটনায় ইমদাদের বড় ভাই শহিদুল শেখ বাদী হয়ে ওমর আলী মণ্ডলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। অন্যদিকে ঘটনাস্থল থেকে দুটি অব্যবহৃত গুলি ও একটি গুলির খোসা উদ্ধারের ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাদী হয়ে ওমর আলী মণ্ডলকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেছেন।
আহত তরুণের বড় ভাই শহিদুল শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খেলাধুলা নিয়ে এলাকার ছোটদের মধ্যে ঝগড়া হয়। ইমদাদ উভয় পক্ষকে শাসন করে ঝগড়া মিটিয়ে দেন। রাত আটটার দিকে ইমদাদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চরনারায়ণপুর স্লুইচগেট (জলকপাট) এলাকায় পৌঁছালে ওমর আলী মণ্ডল ইমদাদের গলায় গুলি করেন। স্থানীয় লোকজন দ্রুত ইমদাদকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকায় স্থানান্তরিত করা হয়। এদিকে গুলি করে পালানোর সময় স্থানীয় লোকজন ওমরকে পিটুনি দেন। পরে পুলিশ ওমরকে আটক করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় ওমর আলী মণ্ডল বলেন, ‘ছোটদের মারামারির খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আমি তাদের থামাতে চেষ্টা করি। এ সময় গুলির শব্দ শুনে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন আমাকে মারধর করে। আমাকে উদ্ধার করে স্ত্রী ও মামা সদর হাসপাতালে নিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।’
সদর থানার এসআই জিল্লুর রহমান জানান, ওমর আলী ও তাঁর সহযোগী আইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলি ও একটি গুলির খোসা জব্দ করা হয়েছে।