রাজবাড়ীতে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা
রাজবাড়ী সদর উপজেলার একটি খেত থেকে গতকাল শনিবার ভোরে রিজিয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রিজিয়া আক্তার সদর উপজেলার আলীপুর গ্রামের আবদুর রাজ্জাক শেখের মেয়ে। বিবাহিত রিজিয়া মুকুন্দিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় সুজন শেখ (২০) নামের এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রিজিয়ার মা আনোয়ারা বেগম বলেন, পাঁচ মাস আগে একই গ্রামে খালোতো ভাই ফিরোজের সঙ্গে রিজিয়ার বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর রিজিয়ার স্বামী বিদেশে চলে যায়। রিজিয়া বাবার বাড়ি ও শ্বশুরবাড়িতে থেকে পড়ালেখা করত। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্বামীর ফোন পেয়ে রিজিয়া ঘর থেকে বের হয়। এ সময় সে(আনোয়ারা) উঠানে বসা থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ে। রাত ১০টার দিকে ঘুম থেকে উঠে রিজিয়াকে ঘরে না পেয়ে তিনি ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে তাঁর ভাই ও প্রতিবেশীদের বিষয়টি জানান। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে কয়েক শ মিটার দূরে একটি খেতের পাশে খড়ের গাদায় তার লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। লাশের শরীরে আঁচড়ের চিহ্ন ও পরনের জামার বিভিন্ন স্থানে ছেঁড়া পাওয়া যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।