রাজবাড়ীতে নারীর লাশ উদ্ধার গৌরনদীতে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে বরিশালের গৌরনদী উপজেলায় গত সোমবার এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজবাড়ীর কালুখালীতে গত মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদীতে নিহত গৃহবধূ হলেন বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের সাদিহা আকতার (২০)। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই পলিন সিকদার বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলা করেছেন। নিহত অন্যজন হলেন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা গ্রামের মুসলিমা খাতুন (২২)।
গৌরনদীতে নিহত সাদিহা আকতারের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সরিকল গ্রামের সাদিহা আকতারের সঙ্গে তিন মাস আগে দেওপাড়া গ্রামের ইলিয়াস হাওলাদারের বিয়ে হয়।
সাদিহার ভাই পলিন সিকদার অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর ইলিয়াস এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় প্রায়ই সাদিহাকে মারধর করা হতো।
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার দুপুরে এক লাখ টাকার দাবিতে সাদিহাকে চাপ দেওয়া হয়। এ নিয়ে সাদিহার সঙ্গে ইলিয়াসের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাদিহাকে বেদম মারধর করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ইলিয়াস তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম দেওয়ান বলেন, স্বামী পরিচয়ে এক ব্যক্তি সোমবার দুপুরে সাদিহা নামে এক রোগীকে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ সময় স্বজনদের মুঠোফোনে ফোন করার কথা বলে লোকটি বাইরে যান। পরে কেউ লাশ নিতে না আসায় সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে ইলিয়াস হাওলাদার মুঠোফোনে বলেন, ঝগড়ার পর সাদিহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালুখালী উপজেলার পাইকারা গ্রামের কয়েকজন বাসিন্দা ও থানা সূত্রে জানা যায়, চার বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামের মুসলিমার সঙ্গে সোহেলের বিয়ে হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় সোহেল বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে আটকানো। পরে টিনের বেড়ার ছিদ্র দিয়ে ফাঁস দেওয়া মুসলিমার মৃতদেহ দেখতে পান। দ্রুত তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।