রাজবাড়ীতে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ইউনিয়নের পদমদির দিলালপুর গ্রামের একটি মসুরিখেত থেকে গতকাল বুধবার বেলা দুইটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালকের নাম বিলাল হোসেন (৩৫)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন।
ওই ভ্যানচালকের ভগ্নিপতি নিয়াজত আলী জানান, বিলাল ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালাতেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে নিয়ে তিনি পদমদি ঘোনার ঘাট যাওয়ার জন্য রওনা দেন। পথে দিলালপুর গ্রামের একটি মসুরিখেতে তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। রাতে বাড়ি না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি করা হয়। দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াত জানান, ধারণা করা হচ্ছে, হত্যার পর তাঁর ভ্যান ছিনতাই করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।