রাজবাড়ীর পাংশা উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ফজলুল হক নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বুধবার স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষককে অপসারণের দাবিতে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরেও অভিযোগের অনুলিপি দেওয়া হয়।
অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন সকাল সাতটা থেকে অতিরিক্ত পড়ানো (ক্লাস) হতো। ২৫ মার্চ সকালে ওই ছাত্রীসহ কয়েকজন ব্যবহারিক পরীক্ষার খাতায় সই ও ব্যবহারিক ক্লাস করতে ফজলুল হকের কক্ষে যায়। ফজলুল হক অন্যদের খাতায় সই করে দেন। তবে তিনি ওই ছাত্রীকে কিছুক্ষণ থাকতে বলেন। একপর্যায়ে একা পেয়ে ছাত্রীটিকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে ফজলুল হক বিদ্যালয় থেকে চলে যান।
অভিযুক্ত শিক্ষক ফজলুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্র করে এসব অপপ্রচার চালাচ্ছে। আমাকে বরখাস্ত করা হলে আইনগত ব্যবস্থা নেব।’
জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, ‘অভিযোগের অনুলিপি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’