রাজবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গত শুক্রবার এক স্কুলছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার বালিয়াকান্দি থানায় মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটি উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুঠোফোনে কথা বলা নিয়ে মায়ের সঙ্গে মেয়েটির ঝগড়া হয়। পরে অভিমান করে সবার অজান্তে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। হেঁটে রামদিয়া রেলস্টেশনে পৌঁছানোর পর ট্রেন না আসায় সে পাশের গ্রামে ফুফুবাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। সন্ধ্যার দিকে ইসলামপুর ইউনিয়নের বারোমল্লিকা ভাঙা সেতুর কাছে পৌঁছালে স্থানীয় আলামিন মোল্লা (৩০) ও লাল চাঁদ শেখ সে কোথায় যাবে, তা জানতে চায়। সে ঘটনাটি খুলে বললে তারা মেয়েটিকে পৌঁছে দেওয়ার কথা বলে।
এরপর একটি মন্দিরে আটকে রেখে আলামিন তাকে ধর্ষণ করে এবং লাল চাঁদ ধর্ষণে সহযোগিতা করে। গতকাল সকালে মেয়েটি কৌশলে পাশের একটি বাড়িতে গিয়ে মুঠোফোনে বাড়িতে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, মেয়েটির মা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।