রাজশাহীতে সোনার দোকানে ডাকাতির ২৭ ঘণ্টা পরে গত শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় ১২০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে। পুলিশ এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রাজবাড়ী জেলা থেকে গতকাল শনিবার আটজনকে আটক করে রাজশাহীতে এনেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে নগরের গণকপাড়ার মোড়ে বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির রাজশাহী জেলা শাখা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে দোকানের মালিক মনীশ রায় অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় ডাকাতির মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে ডাকাতেরা স্বর্ণালংকার ছাড়াও ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৫০ লাখ ৩০ হাজার টাকা।
বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, রাজবাড়ী থেকে আট সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রাজশাহীতে এনেছেন। আটক ব্যক্তিদের সবার বাড়িই রাজশাহীতে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তাঁদের আসামি হিসেবে গণ্য করা হচ্ছে না। তিনি তাঁদের পরিচয়ও বলতে চাননি।
সোনার দোকানে ডাকাতির প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে নগরের গণকপাড়া এলাকায় অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি রাজশাহী জেলা শাখা। এতে বক্তারা বলেন, এই ডাকাতির ঘটনা রাজশাহীর জন্য অশনিসংকেত। এ জন্য প্রশাসনকে সজাগ হতে হবে। মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এতে বক্তব্য দেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক সেকেন্দার আলী ও রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হক।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজশাহী নগরের এলাকা গণকপাড়ায় পরপর ১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১০-১৫ জন ডাকাত এম রায় জুয়েলার্সে ডাকাতি করে। এ সময় দোকান মালিক মনীশ রায় ছুরিকাঘাতে ও আরও পাঁচজন ব্যবসায়ী-পথচারী বোমার আঘাতে আহত হন।