রাজবাড়ীতে অস্ত্রসহ দুজন আটক
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাটের বালুর চাতাল এলাকা থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ইসলাম শেখ (৩৫) ও সাদ্দাম হোসেন সরদার (২৪)। ইসলাম শেখ মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামের আবদুল গফুর শেখের ছেলে। সাদ্দাম হোসেন একই ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের কেষ্টপুর এলাকার ইসলাম হোসেন সরদারের ছেলে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ চরমপন্থী জুলহাস বাহিনীর সক্রিয় সদস্য।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালানো হয়। অভিযানে জৌকুরা ফেরিঘাট বালুর চাতাল এলাকা থেকে ইসলাম ও সাদ্দামকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ইসলামের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও সাদ্দামের কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বালুর চাতালের বস্তার নিচে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান নিজাম উদ্দিন।