রাজবাড়ীতে ঈদগাহের জমি দখল, গাছ কাটার অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিরোধপূর্ণ জমিতে থাকা একটি ঈদগাহ মাঠ দখলের অভিযোগ উঠেছে। ঈদগাহ মাঠের ৪০টি মেহগনিগাছ কেটে ফেলেছে দখলকারীরা।
এলাকার কয়েকজন এ বিষয়ে গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ঈদগাহ মাঠটি রক্ষায় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াকান্দির কোনাগ্রামে ঈদগাহ ময়দান তৈরির জন্য ৩০-৩৫ বছর আগে স্থানীয় বাসিন্দা কালু মণ্ডল ২৫ শতাংশ জমি দেন। স্থানীয় নারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে এটিই সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। ২০১৬ সালের জুলাই মাসে ঈদগাহ মাঠের বর্ধিত অংশে ৪০টি মেহগনিগাছ রোপণ করা হয়। ২ মে কোনাগ্রামের বাসিন্দা মুন্না আজিজ মহাজন, আমজাদ মহাজন, মোহন লস্কর, ফারুক, রইচ উদ্দিন, মনিরুলের নেতৃত্বে একদল লোক গাছগুলো কেটে ফেলেন। এরপর তাঁরা সেখানে চাষাবাদ শুরু করেন। ফলে এবার ঈদের নামাজ পড়া নিয়ে চিন্তায় শুরু হয়েছে।
তবে অভিযুক্ত ব্যক্তিরা বলছেন, ওই এলাকায় ঈদগাহ মাঠসহ ৯ একর ১৮ শতাংশ খাস জমি রয়েছে। কালু মণ্ডলের পরিবারসহ এলাকার ভূমিদস্যুরা ভূমিহীন সেজে সেই জমি দখল করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন কালু মণ্ডলের ছেলে আবদুল মান্নান মণ্ডল। অভিযুক্ত ব্যক্তিদের একজন মুন্না আজিজ মহাজন বলেন, ঈদগাহ মাঠসহ পুরো খাসজমি তাঁরা ১৭ জন জেলা প্রশাসনের কাছ থেকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত নিয়েছেন। ওই জমি প্রভাবশালী ব্যক্তিরা দখলে রেখেছেন। তা উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দার বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।