রাজবাড়ীতে এক স্কুলছাত্র এক মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে দশম শ্রেণির এক শিক্ষার্থী প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা আজিবর মণ্ডল গত ৯ অক্টোবর রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীর নাম আরিফ মণ্ডল (১৫)। সে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রভাতি শাখার বাণিজ্য বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। শহরের সজ্জনকান্দার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় মামার বাড়ি থেকে সে লেখাপড়া করত।

আরিফের মামা আবুল হোসেন বলেন, এক ভাই ও এক বোনের মধ্যে আরিফ বড়। তাদের পৈতৃক নিবাস পাবনার বেড়া উপজেলার কুমারপুর গ্রামে। তার মা-বাবা শহরের নতুন বাজারের বিসিক এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। আরিফ তাঁর কাছে থেকে লেখাপড়া করে। গত ৬ অক্টোবর সকাল সাতটার দিকে বিদ্যালয়ের পোশাক পরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরিফের মা হালিমা বেগম বলেন, ‘আরিফ খুব শান্ত স্বভাবের ছেলে। কিন্তু খারাপ ছেলেদের চক্রে পড়তে তো আর সময় লাগে না। তবে এলাকায় কারও সঙ্গে তেমন মেলামেশা করত না।’

এ ব্যাপারে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, ‘বিষয়টি জানার পর থেকেই আমরা বিভিন্ন বিষয় তদন্ত করছি। আমরা সব বিষয়ে বিবেচনায় রেখে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’