রাজবাড়ীতে কলেজশিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম
রাজবাড়ীতে গত বুধবার দুপুরে এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত শিক্ষার্থীর নাম নাজমুল হোসেন ফাহাদ (১৮)। তিনি রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ফাহাদের বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের সেগুনবাগান এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা একটার দিকে কলেজ ক্যাম্পাসে মূল একাডেমিক ভবনের সামনে কয়েকজন তরুণ কথা বলছিলেন। একপর্যায়ে ফাহাদকে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।
ফাহাদের বাবা এস এম ইন্তেখারুল ইসলাম বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও বিরোধ নেই। মাছঘাট এলাকায় রাহাতসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে।’
রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘দুপুরে আমরা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সভা করছিলাম। এ সময় ফাহাদ দৌড়ে এসে প্রবেশ করে। এ সময় তার শরীর থেকে রক্ত ঝরছিল। আমরা তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। এ ছাড়া অধ্যক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবহিত করেন।’
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পলাশ শিকদার বলেন, ফাহাদের শরীরের চারটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর পেটের ভেতর থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে আটক করার চেষ্টা চলছে। বুধবার বিকেল পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।