রাজবাড়ীতে গৃহবধূ ও যুবককে নির্যাতন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এক গৃহবধূ ও এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এই নির্যাতন চালানো হয়।
নির্যাতনে আহত অবস্থায় তাঁদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী গতকাল মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই গৃহবধূ ও আহত যুবকের বাড়ি পাশাপাশি। মাস তিনেক আগেও ওই যুবককে মারধর করা হয়। সোমবার সন্ধ্যায় ওই যুবক গৃহবধূর বাড়িতে আসেন। এ সময় বাড়িতে কয়েকজন স্থানীয় যুবক প্রবেশ করে। তারা ঘর থেকে গৃহবধূ ও যুবককে বের করে মারধর শুরু করে। এ সময় গৃহবধূর দুই ছেলেমেয়ে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে ইসলামপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের আটকে রেখে নির্যাতন করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত যুবক বলেন, তাঁর ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান বলেন, ‘ইউনিয়ন পরিষদে এনে মারধর করার কথা শুনেছি। আমি এখন ঢাকায়। এলাকায় ফিরে এ বিষয়ে খোঁজখবর নেব।’ বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।