রাজবাড়ীতে গ্রাহকের টাকা নিয়ে সমিতি উধাও
রাজবাড়ীতে প্রায় ৩০০ গ্রাহকের টাকা নিয়ে একটি সমবায় সমিতি লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকেরা কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে না পেরে কার্যালয়ে এসে সেটি বন্ধ পাচ্ছেন।
প্রতিষ্ঠানটির নাম আরবান সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড। রাজবাড়ী শহরের প্রধান সড়কের হিরক ম্যানশনের তৃতীয় তলার অর্ধেক অংশ ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল তারা। কার্যালয়ে একজন ব্যবস্থাপকসহ মোট আটজন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত ছিলেন।
সদর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ওমর ফারুক বলেন, তিনি প্রায় ১১ লাখ টাকা সমিতিতে জমা রেখেছিলেন। তাঁকে বার্ষিক ১৩ শতাংশ লাভ দেওয়া হতো। কয়েক মাস আগে তিনি ২ লাখ টাকা তুলে নেন। এখনো সমিতিতে তাঁর ৯ লাখ টাকা জমা আছে। এ অবস্থায় প্রায় ৩ মাস আগে সমিতির রাজবাড়ী শাখার ব্যবস্থাপক গা ঢাকা দেন। পরে ঋণ কর্মকর্তাও চলে যান। এখন শাখাটিই বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা সমবায় অধিদপ্তর সূত্রে জানা যায়, কুষ্টিয়ার তারাগুনিয়ার বাসিন্দা আবুল কালাম আজাদ এ সমিতির প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা কমিটির প্রধান। সমিতির প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। নিয়ম অনুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে সমিতি পরিচালিত হওয়ার কথা। কমিটির সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। এরপর সমবায় অধিদপ্তর থেকে কমিটি অনুমোদন করিয়ে নিতে হবে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করেই চলছিল প্রতিষ্ঠানটি। সমিতির রাজবাড়ী শাখায় গ্রাহকসংখ্যা প্রায় ৩০০।
জেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সমিতির পাংশা কার্যালয়ের ব্যবস্থাপকের বেতন সাত মাস বকেয়া পড়ে। এতে করে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর পাংশার গ্রাহকেরা সমিতির রাজবাড়ী কার্যালয়ে সঞ্চয়ের টাকা তুলতে আসতে থাকেন। এরপরই সমিতির এ কার্যালয় বন্ধের খবর আসে। তাঁরাও যোগাযোগের চেষ্টা করছেন কিন্তু সমিতির মালিক বা কর্মকর্তারা কেউ ফোন ধরছেন না। তিনি আরও বলেন, ‘কার্যালয়টি আর না খুললে আমরা একটি কমিটি করে দিয়ে গ্রাহকদের টাকা তোলার ব্যবস্থা করে দেব। তবে গ্রাহকদের ঠিক কত টাকা জমা আছে, তা এখনই বলা যাচ্ছে না।’
গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রবেশের ফটকটি তালাবদ্ধ। হিরক ম্যানশনের তৃতীয় তলায় ওই সংস্থার পাশেই রাজবাড়ী কেব্ল নেটওয়ার্কের কার্যালয়। এ কার্যালয়ের কর্মকর্তা আবু আসলাম বলেন, এক সপ্তাহে সমিতির কর্মকর্তাদের খোঁজে অন্তত ৪০-৪৫ জন এসেছেন। এসব গ্রাহকের সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত সমিতিতে জমা আছে।
হিরক ম্যানশনের মালিক খোন্দকার জুয়েল বলেন, আরবান সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি কর্তৃপক্ষ ২০০৮ সালে ভবনটির তৃতীয় তলা ভাড়া নেয়। সম্প্রতি পাংশা উপজেলায় তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে সেখানকার গ্রাহকেরা এসে এই অফিসের কর্মকর্তাদের ওপর চড়াও হতেন। কয়েক দিন আগে থেকে তারা অফিসটি বন্ধ করে রেখেছে।
ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা ইকরানুর রহমান বলেন, ‘আমারও ওই অফিসে টাকা জমা দেওয়া আছে। শুনেছি স্থানীয় লোকজন সমিতির কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করে ছিল। এতে করে সমিতির লোকজন গা ঢাকা দিয়েছেন।’
সমিতির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও রাজবাড়ী শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা ফোন ধরেননি।