রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় কৃষককে গুলি!
রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ায় এক কৃষককে মারধর ও গুলি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। আহত ওই ব্যক্তির নাম সিয়াম উদ্দিন মণ্ডল (৫৫)। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিয়াম উদ্দিনের ছেলে মন্টু মণ্ডল বলেন, কিছুদিন ধরে দুর্বৃত্তরা তাঁর বাবার মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতে একজন এসে ঘরের দরজা খুলতে বলে। তাঁর বাবা দরজা খুলে বের হওয়ার পর কয়েকজন মিলে তাঁকে মারধর করে। একপর্যায়ে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিদ্ধার্থ শংকর বিশ্বাস বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিয়াম উদ্দিনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।