রাজবাড়ীতে চার খুন মামলার আসামি গ্রেপ্তার
রাজবাড়ী শহর থেকে গত বুধবার দিবাগত রাতে সেলিম প্রামাণিক (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দোকান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। সেলিম জেলার উড়াকান্দা বাজারে ২০০৯ সালে সংঘটিত চার খুনের মামলার এজাহারভুক্ত আসামি।
সেলিম রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, সেলিম প্রামাণিক সদর উপজেলার উড়াকান্দা বাজারে ২০০৯ সালের আগস্ট মাসে সংঘটিত চার খুন মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার রাত আটটার দিকে সেলিমকে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজের মুদি দোকানে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে রাত দুইটার দিকে পুলিশ উড়াকান্দা বাজারে সেলিমের মুদি দোকানে অভিযান চালায়। দোকানের ক্যাশ বাক্সের পাশে থাকা বিস্কুটের প্যাকেটের ভেতরে কাগজ দিয়ে মোড়ানো ছিল দুটি গুলিভর্তি একটি বিদেশি রিভলবার।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় উড়াকান্দা বাজারের যুব মুক্তি ক্লাবে পদ্মা নদীর ওপার থেকে ট্রলারযোগে ২০-২৫ জন সশস্ত্র চরমপন্থী এসে এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সালাম মোল্লা, ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ও দফাদার সাইদুর রহমানকে হত্যা করে। আর গুলিবিদ্ধ বরাট ইউনিয়ন পরিষদের সচিব খন্দকার ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ আগস্ট মারা যান। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার হওয়া সেলিম নিষিদ্ধঘোষিত একটি চরমপন্থী সংগঠনের আঞ্চলিক কমান্ডার। তিনি রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।