রাজবাড়ীতে ছিনতাই হওয়া চালের ট্রাক লোহাগড়ায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে চার দিন আগে ছিনতাই হওয়া চালভর্তি ট্রাক গত সোমবার নড়াইলের লোহাগড়া থানার পুলিশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়েছিল।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মিহির কান্তি পাল জানান, শুক্রবার সকাল থেকে খালি ট্রাকটি লোহাগড়া উপজেলা পরিষদের পশ্চিম পাশে লোহাগড়া-নড়াইল সড়কে ছিল। খবর পেয়ে সোমবার বিকেলে ট্রাকটি লোহাগড়া থানায় আনা হয়। এ ঘটনায় গত রোববার নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রগতি রাইস মিলের ব্যবস্থাপক মিজানুর রহমান বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, ট্রাকটি রাতেই পাংশা থানায় আনা হয়েছে। গুরুদাসপুরের প্রগতি রাইস মিলের ৩৮৭ বস্তা চাল ফরিদপুরে নিয়ে আসার সময় পাংশা এলাকা থেকে ট্রাকের চালক ও তাঁর সহকারীদের মারধর করে রাস্তায় ফেলে দিয়ে ট্রাকটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।