রাজবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার সকালে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের আবদুর রশিদ মণ্ডলের ছেলে ওহিদুজ্জামান মণ্ডল (৪০), ইয়ার উদ্দিন মণ্ডলের ছেলে আমজাদ হোসেন মণ্ডল (৬০), আমজাদ হোসেন মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম মণ্ডল (৩৫) এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের নিজাম উদ্দিন ফকিরের ছেলে রঞ্জু ফকির (৩০) ও টিক্কা ফকির (২৩)। তাঁদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়াকোলা গ্রামের বাসিন্দা ওহিদুজ্জামান মণ্ডলের পরিবারের সঙ্গে শালমারা গ্রামের নিজাম উদ্দিন ফকিরের পরিবারে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওহিদুজ্জামানের পক্ষের লোকজন গতকাল সকালে বিরোধপূর্ণ জমিটিতে সেচ দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেচ দেওয়া বন্ধ রাখতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটাস নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘মারামারির ঘটনা শুনেছি। এ বিষয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁদের স্থানীয়ভাবে সমস্যাটি সমাধান করার জন্য পরামর্শ দিয়েছি।’