রাজবাড়ীতে টিটিইকে মারধর, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের এক টিকিট পরীক্ষককে (টিটিই) মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

ওই টিটিইর নাম আলাউদ্দিন মণ্ডল (৫০)। তিনি জেলা শহরের লক্ষ্মীকোল রাজারবাড়ী এলাকার বাসিন্দা। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইমরানুর রহমান (৩৩)। তিনি গোয়ালন্দ শহরের জুড়ান মোল্লারপাড়া এলাকার বাসিন্দা।

আলাউদ্দিন মণ্ডল জানান, গতকাল সকাল ১০টার দিকে তিনি ১ নম্বর রেলগেট এলাকা দিয়ে স্টেশনের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত পথরোধ করে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারাসহ হেলমেট দিয়ে পিটিয়ে জখম করে। দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা টাকা, মুঠোফোন ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। এ সময় সাদাপোশাকের একজন পুলিশসদস্য এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর ওপরও চড়া হয়।

আলাউদ্দিন মণ্ডল বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পোড়াদহ থেকে রাজবাড়ী স্টেশনে আসা শাটল ট্রেনটির অবস্থা সম্পর্কে তিনি খোঁজ নিতে যান। এ সময় কর্তব্যরত ট্রেনের চালক ও পরিচালকের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) এনছের আলী জানান, ঘটনার পর বিনোদপুর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় রেলগেট এলাকা থেকে ইমরানুর রহমানকে আটক করা হয়েছে।