রাজবাড়ীতে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
রাজবাড়ী সদর উপজেলার দুটি ইটভাটায় গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঠ পোড়ানো ও নিবন্ধন না থাকার অপরাধে ভাটা দুটির মালিকের কাছ থেকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট মো. আরিফুল হক ও কার্যালয়ের সহকারী কমিশনার মো. কাওছার হোসেন।
আরিফুল হক প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার একটি ইটভাটায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছিল। এ ঘটনায় তিনি ভাটার মালিক মো. আবদুস সালামকে এক লাখ টাকা জরিমানা করেন।
এর আগে সহকারী কমিশনার কাওছার হোসেন সদর উপজেলার গোদার বাজার এলাকায় স্থাপিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লাইসেন্স ছাড়াই এ ভাটার কার্যক্রম চলছিল। এ ঘটনায় ভাটার মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।
এর আগে গত সোমবার সদর উপজেলার সুলতানপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা ধুলদী জয়পুর গ্রামের দুটি ইটভাটায় অভিযান চালায় জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটা দুটির মালিককে দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়।