রাজবাড়ীতে দুটি বাড়ি ও যানবাহনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুটি বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা। পরে তারা দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় তিন বাসযাত্রীর কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চার-পাঁচজনের একটি মুখোশধারী দল সদর উপজেলার খানখানাপুর কুণ্ডুবাড়ী এলাকায় সুরাজ মোহনী ইনস্টিটিউটের শিক্ষক আবদুর রাজ্জাকের বাড়িতে ঢোকে। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আবদুর রাজ্জাককে বেঁধে আলমারি থেকে ৫০ হাজার টাকা ও প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালংকার লুট করে। বাড়িতে ওই রাতে আর কেউ বাসায় ছিলেন না। বাড়ির মালিক বেবতি কুণ্ড। কয়েক বছর আগে তাঁর বাড়িতে ডাকাতি হওয়ার পর তিনি বাড়ি ভাড়া দিয়ে ঝিনাইদহ শহরে চলে যান।
ডাকাতেরা পরে পার্শ্ববর্তী আমজাদ হোসেনের বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা, চারটি মুঠোফোনসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়। এরপর চলে যাওয়ার পথে ডাকাত দল দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় তিন বাসযাত্রীর কাছ থেকে তিনটি মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গাড়ি বিকল হওয়ায় ওই তিনজন রাস্তায় নেমেছিলেন। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে খানখানাপুর তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা ওই দুটি বাড়ি পরিদর্শন করেন।
খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।