রাজবাড়ীতে নারীসহ আটজনকে মারধর করার অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চারজন নারীসহ আট ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, গ্রামের অনিমেষ দাসের পরিবারের সঙ্গে একটি জমি নিয়ে প্রতিবেশী মোতাহার হোসেন হাওলাদারের বিরোধ রয়েছে। বিরোধ মিটমাটের জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো চূড়ান্ত ফল আসেনি। গতকাল সকাল ছয়টার দিকে মোতাহার হাওলাদার ও তাঁর ছেলে শামীম হাওলাদারের নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে প্রবেশ করে। এ সময় জমিতে থাকা বেশ কয়েকটি মেহগনিগাছ কেটে ফেলা হয়। এ ছাড়া ৩ শতাংশ জমিতে টিনের বেড়া দেওয়া হয়। অনিমেষ ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে হামলার শিকার হন। হামলাকারীরা অনিমেষ, শ্যামল দাস, রিনা রানী দাস, সন্ধ্যা রানী দাস, নিখিল দাস, মুক্তি রানী দাস, স্মৃতি রানী দাস, গৌরাঙ্গ দাসকে মারধর ও লাঞ্ছিত করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মোতাহার হাওলাদার। তিনি বলেন, তাঁরা ওই জমি কিনে বসবাস করে আসছেন। সম্প্রতি ঝড়ে তাঁর দেওয়া টিনের বেড়াটি ভেঙে যায়। ফলে তিনি নতুন করে টিনের বেড়া দিয়েছেন। এ সময় কাউকে মারধর করা হয়নি।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। আজ বৃহস্পতিবার বৈঠক করে সমস্যার সমাধান করে দেওয়া হবে।