রাজবাড়ীতে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে আজ সোমবার এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম ফাহাদ হোসেন মণ্ডল (৭)।
আজ সকালে হাবাসপুর ইউনিয়নের চড়আফড়া গ্রামের একটি আখখেত থেকে ফাহাদের লাশ উদ্ধার করা হয়। সে এই গ্রামের আবুল হাসেম মণ্ডলের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত বলেন, ফাহাদের বাবা আবুল হাসেমের প্রথম স্ত্রী মারা গেছেন। ফাহাদ তাঁর দ্বিতীয় স্ত্রী দীপালি খাতুনের সন্তান। গত শনিবার দুপুরের পর থেকে ফাহাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই দিনই ফাহাদের মামা বাদী হয়ে পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে স্থানীয় একটি আখখেত থেকে মাটি খুঁড়ে লাশটি বের করে একটি কুকুর। এ সময় কয়েকজন কৃষক এ দৃশ্য দেখে ফাহাদের বাড়িতে খবর দেন। পরনের প্যান্ট দেখে ফাহাদকে তার মা শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দীপালি খাতুন ফাহাদের সৎভাই রিপন মণ্ডলসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।